বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।অতিরিক্ত ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পাবনাসহ চারজন পুলিশ সুপারকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।ছয় কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নাসিয়ান ওয়াজেদকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি পদ থেকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।মোহাম্মদ আশিকুর রহমানকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টার থেকে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।মো. আপেল মাহমুদকে ট্যুরিস্ট পুলিশ থেকে রাজশাহী রেঞ্জে, আ. ফ. ম. নিজাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তর থেকে রংপুর রেঞ্জে, মীর আবু তৌহিদকে সিআইডি থেকে চট্টগ্রাম রেঞ্জে এবং তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে এসবি থেকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।এদিকে, পাবনার পুলিশ সুপার মো. ছফি উল্লাহকে বদলি করে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। তার স্থলে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. আবু আশরাফ।এ ছাড়া এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদকে র্যাবের পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে।পুলিশের এই বদলি আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন দায়িত্বে যোগ দিয়েছেন।