রাজধানীর হাতিরঝিলের লেক থেকে আজিম উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাতিরঝিলের রেইনবো ক্রসিং সংলগ্ন ১ নম্বর ব্রিজের পাশের লেক থেকে আজ বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে মৃত আজিম উদ্দিনের কোনো স্বজন পাওয়া যায়নি। সিআইডি ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে তাঁর নাম-পরিচয় শনাক্ত করেছে। মৃত আজিম উদ্দিনের বাসা পশ্চিম রামপুরা উলন রোডে। বাবার নাম মো. কফিল উদ্দিন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি বলেন, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। এরপর লেক থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।








