তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়, বরং এটি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি পবিত্র প্রক্রিয়া। তিনি আরও বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য।

শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের আসন্ন বরিশাল সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

আরও পড়ুন

এআই চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি প্রকল্প নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এরআগে সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রশাসনিক ভবনের সামনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং স্থানীয় ছাত্রদলের নেতারা। পরে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ক্যাম্পাস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন মন্ত্রী।

শাওন খান/এসআর/জেআইএম