বরগুনার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল (১৬) নামে এক পর্যটক নিখোঁজের তিন দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তালতলী উপজেলার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের প্রায় এক কিলোমিটার দূরে নিদ্রার চর সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার প্রবাসী মো. মুসার ছেলে। 

এর আগে গত মঙ্গলবার দুপুরের দিকে সাগরে নেমে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে ওই পর্যটক নিখোঁজ হন। এরপর তাকে উদ্ধার করতে অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস ও নৌপুলিশ সদস্যরা। পরে দীর্ঘ সময় ধরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরাও ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেও আসাদুলের সন্ধান পাননি।   

এ দিকে ঘটনার তিনদিন নিদ্রার চরসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ দেখতে পান। বিষয়টি তালতলী থানা পুলিশ ও নৌপুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত স্বজনরা মরদেহ শনাক্ত করেন।  

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।