ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ভোরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার সময় শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিছুক্ষণ পরই বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

সংবাদমাধ্যম এএফপির সাংবাদিকরা জানান, তারা পরপর দুই দফা বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথম দফার বিস্ফোরণের কয়েক মিনিট পর দ্বিতীয় দফায় আরও বিস্ফোরণ ঘটে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, রাশিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানীতে হামলা চালাচ্ছে। তিনি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সম্প্রতি অতিদ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চালানোয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এর আগে চলতি সপ্তাহেও রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের আকাশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যার অভিঘাতে শহর কেঁপে ওঠে। বিস্ফোরণের পরই বিমান হামলার সতর্কবার্তা বাজানো হয়।

এই হামলার একদিন আগে ইউক্রেনের ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জ্বালানি অবকাঠামোতে আঘাত হেনে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে এসব হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

সূত্র: এএফপি

এমএসএম