সংকটের গুজবে কুষ্টিয়ায় তেল পাম্পগুলোতে পেট্রোল সংগ্রহ করতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দিতে দেখা গেছে।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর প্রথমে জেলার দৌলতপুর উপজেলার তেল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের খবর আসে। এরপর রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের তেল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের লাইনে দাঁড়াতে দেখা যায়।
এদিকে, একসঙ্গে অনেকে তেল নিতে আসায় পাম্পের কর্মচারীদের হিমশিম খেতে হয়। রাত ১২টার দিকে কুষ্টিয়া শহরের অধিকাংশ তেল পাম্প কর্তৃপক্ষ পেট্রোল বিক্রি বন্ধ করে দেন।
শহরের কুষ্টিয়া স্টোর নামে তেল পাম্পে কথা হয় আব্দুল জলিলের সঙ্গে। মোটরসাইকেলে তেল নিতে আসা এই ব্যক্তি বলেন, “সন্ধ্যার পর থেকে শুনছি, আবার নাকি তেলের সংকট হচ্ছে। তাই আগেভাগেই একটু তেল নেওয়ার চেষ্টা করছি।”
হাফিজ উদ্দিন নামে অপর মোটরসাইকেল চালক জানান, অনেকেই পাম্পে তেল নিতে আসেন। তাদের দেখাদেখি তিনিও এসেছেন।
কুষ্টিয়া শহরের মোজাফফর ফিলিং স্টেশনের ম্যানেজার আল মামুন জানান, তেলের সরবরাহ স্বাভাবিক আছে। কী কারণে একসঙ্গে এতো মোটরসাইকেলচালক তেল নিতে আসেন সেটা তারা বুঝতে পারছেন না। তেল সংকটের গুজব কারা ছড়িয়েছে তা বোধগম্য নয়।








