সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।








