রায়পুরায় স্কুলশিক্ষার্থী ওয়ালিদ হাসান হত্যা মামলার দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত ওয়ালিদের স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন ওয়ালিদের মামা সৌদি আরব প্রবাসী হেলাল উদ্দিন, চান্দেরকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদসহ স্থানীয় ব্যক্তিরা। উল্লেখ্য, ২০ জুন রাতে চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার বাড়ির উঠান থেকে স্কুলশিক্ষার্থী ওয়ালিদ হাসানের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মামা হেলাল উদ্দিন বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।








