সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। সংগঠনটির সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।
 
রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলন ও অভিযাত্রায় অগ্রসেনানি। সংসদীয় গণতন্ত্র চর্চার ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি একাধারে দেশের খ্যাতনামা আইনজীবী, রাজনীতিবিদ ও সংসদে আইন প্রণয়নের মুখ্য ভূমিকা পালনকারী ছিলেন।

আরও পড়ুন

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শোকবার্তায় তারা আরও বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনসহ অনেক সাংবিধানিক সংকটে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ঐতিহাসিক ভূমিকা পালন করেন। জাতীয় সংসদ পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে এবং অনুপ্রেরণা যোগাবে। ব্যক্তিগত জীবনে দক্ষ আইনজীবী ছিলেন তিনি। সংসদ পরিচালনায় তার দক্ষ ভূমিকা গণমাধ্যমকর্মীরা স্মরণে রাখবেন।
 
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিপিজেএ নেতারা।
 
এমওএস/কেএসআর