রাজধানীর শাহবাগ থানার আওতাধীন দুটি পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শাহবাগের আনন্দবাজার এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সড়কের ফুটপাত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে তাদের ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, পথচারীরা দুই ব্যক্তিকে নিথর অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁদের একজনের আনুমানিক বয়স ৫৫ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৬০ বছর।

এসআই আল মামুন বলেন, স্থানীয় হকারদের ভাষ্য অনুযায়ী, দুইজনই ভবঘুরে ছিলেন এবং হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্ক এলাকায় অবস্থান করতেন। তবে তাদের প্রকৃত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।