জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে বিভেদ ভুলে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি কল্যাণমুখী, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি মনে পড়লেই মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন এক জাতীয় আকাঙ্ক্ষার জন্ম হয়েছে।

আরও পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২, ১৯৬৯-এর গণআন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, এরশাদবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগ যেন একই সূত্রে গাঁথা। তাদের রক্তের ধারাবাহিকতায় আজ নতুন বাংলাদেশের স্বপ্ন রচিত হয়েছে।’

আলী নেওয়াজ মাহমুদ বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব এখন সবার। গত ৫৫ বছরের বেদনা ও বঞ্চনাকে শক্তিতে রূপান্তর করে জনগণের জন্য একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার মাত্র কাজ শুরু করেছে। আসুন অন্তত একবার দল-মত নির্বিশেষে আমরা সবাই হাত মিলিয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসি। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলি।’

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, অকারণ বিরোধিতা কিংবা নতুন সংকট সৃষ্টি না করে দেশের মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। নতুন প্রজন্ম যে স্বপ্ন ও আহ্বান রেখে গেছে তা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো গড়তে চাই যেখানে সব জাতিগোষ্ঠী, সব ধর্ম এবং সব সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদায় ও সম্প্রীতির পরিবেশে বসবাস করতে পারবেন। বাংলাদেশ হবে একটি রেইনবো সোসাইটি বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের বাংলাদেশ।’

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে তবেই তাদের আত্মত্যাগ সার্থক হবে এবং শহীদদের আত্মা শান্তি পাবে।

এমইউ/বিএ