টাঙ্গাইলের সখীপুরে কৃষক দুলাল হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা বৃহস্পতিবার বিকালে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাকি ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে আবুল কাশেম এবং হায়দার আলীর দুই ছেলে মো. রওশন আলী ও মো. মোস্তাক। এর মধ্যে মোস্তাক পলাতক রয়েছেন। স্পেশাল দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওহাব সিকদারের পরিবারের ওপর হামলা চালায় আসামিরা। এতে ওহাবের চাচাতো ভাই কৃষক দুলাল গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ঢাকায় তার মৃত্যু হয়। ঘটনার পর দায়ের করা মামলায় তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচার চলাকালে তিন আসামির মৃত্যু হয়। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আবুল কাশেম ও রওশন আলী আদালতে উপস্থিত ছিলেন।