বলিউড তারকা সালমান খান–এর বাসভবনের বাইরে গুলিবর্ষণের মামলায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন গ্যাংস্টার আনমোল বিষ্ণোই। এরই মধ্যে এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলায় তাঁকে নিজেদের হেফাজতে নিতে মুম্বাই পুলিশের প্রতি নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিদ্দিকি পরিবার। ফলে আনমোল বিষ্ণোইকে ঘিরে দুই আলোচিত মামলায় নতুন মোড় এসেছে।
সম্প্রতি প্রকাশিত খবরে জানা যায়, আনমোল বিষ্ণোই মুম্বাইয়ের বিশেষ মকোকা (এমসিওসিএ) আদালতে আবেদন করে সালমান খানের বাসভবনের বাইরে গুলিবর্ষণের মামলায় আত্মসমর্পণের অনুমতি চান। আবেদনে তিনি নিরপেক্ষ বিচার ও ন্যায়বিচারের স্বার্থে আদালতের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাবা সিদ্দিকির পরিবারও মুম্বাইয়ের একটি আদালতে পৃথক আবেদন করেছে। সেখানে মামলার তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা আনমোল বিষ্ণোইকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।

সালমানের বাসভবনে গুলির মামলায় নতুন মোড়, আদালতে আনমোল বিষ্ণোইসালমান কি সত্যিই ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি ২০২৪ সালের ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রা ইস্ট এলাকায় ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিন হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই–এর ছোট ভাই আনমোল বিষ্ণোইকে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। পরে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে রয়েছেন।
বাবা সিদ্দিকির মেয়ে শাহজিন জিয়াউদ্দিন সিদ্দিকি আদালতে দায়ের করা আবেদনে অভিযোগ করেন, ‘বাহ্যিক চাপের’ কারণে তদন্তকারী সংস্থা আনমোল বিষ্ণোইকে নিজেদের হেফাজতে নিতে এড়িয়ে যাচ্ছে। তাঁর দাবি, আনমোলকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ব্যক্তি এবং এর মূল নির্দেশদাতাদের পরিচয় প্রকাশ হতে পারে।

ব্যক্তিগত বার্তা ফাঁস, যৌন হয়রানির মামলায় নতুন মোড়

আইনজীবী প্রদীপ ঘরাট ও ত্রিবনকুমার করনানির মাধ্যমে দাখিল করা আবেদনে আরও বলা হয়েছে, তদন্তে বিলম্বের কারণে বিচারপ্রক্রিয়াও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে ২৭ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও আনমোল বিষ্ণোইকে এখনো আদালতে হাজির করা হয়নি। এতে আদালতের সময় ও সরকারি সম্পদের অপচয় হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এ কারণে মামলার তদন্তকারী সংস্থা ডিসিবি-সিআইডিকে আর দেরি না করে আনমোল বিষ্ণোইকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে সিদ্দিকি পরিবার।
মামলার শুনানিতে বিশেষ মকোকা আদালত প্রসিকিউশনের কাছে জবাব চেয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১০ জুলাই।

সালমান খান

উল্লেখ্য, বাবা সিদ্দিকি হত্যা মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন (মকোকা)-এর বিভিন্ন ধারায় মোট ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আনমোল বিষ্ণোইসহ তিনজন এখনো পলাতক অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত। একইভাবে বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের মামলাতেও আনমোল বিষ্ণোইকে পলাতক অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।