সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেনের (১৭) মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৪ জুলাই) সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই শত শত নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধনে রাফাতের মা শাহানারা খাতুন অভিযোগ করেন, তার ছেলে স্থানীয় আক্তার হোসেনের মুরগির ফার্মে কাজ করত। গত ১৩ জুন তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার চাই।’কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ সরদার বলেন, ফার্মের মালিক আক্তারের ছেলে ওলিদ নেশার টাকার জন্য প্রায়ই রাফাতকে নির্যাতন করতেন। প্রভাবশালী হওয়ায় এই পরিবারটির বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।বক্তারা আরও বলেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ মামলার তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। দিনমজুরের সন্তান হওয়ায় রাফাতের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রুহুল কুদ্দুস গাজী, আজিজুল ইসলাম, আব্দুল মালেক, রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম। এ সময় তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।