নড়াইল সদর উপজেলার মহারাগ গ্রামে মোস্তফা কাজী (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে এমন ধারণা পুলিশের।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত মোস্তফা কাজী একই গ্রামের মৃত আকমল কাজীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত ২৯ জুন ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে দুই গ্রামবাসীর মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার স্থানীয় বাজারে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মোস্তফা কাজী ভদ্রবিলা বাজারে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে ৭-৮ জন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন মোস্তফা কাজীকে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোস্তফা কাজীকে কুপিয়ে হত্যা করা হতে পারে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

