মাত্র ১০ টাকা চাঁদার দাবিতে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি সিএনজি বেবিট্যাক্সি স্ট্যান্ডে অটোরিকশা চালক মোমিনকে পিটিয়ে হত্যা করার মূল আসামি মো. শাহিন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনার প্রায় দেড় মাস পর শুক্রবার ভোরে উপজেলার মেঘনাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন মিয়া উপজেলার দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। তাকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শাহিন মিয়া একটি সিন্ডিকেডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রতিদিন বিভিন্ন অটোরিকশা ও সিএনজি বেবিট্যাক্সি থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করে আসছিল। ১৭ মে বিকালে অটোরিকশা চালক মোমিন মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে যান। পরে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। এ সময় মোমিন মিয়া তাকে একবার ১০ টাকা দিয়েছেন বলে অবহিত করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। পরে শাহিন মিয়া তার লোকজনদের নিয়ে অটোরিকশা চালক মোমিন মিয়াকে বেধড়ক মারধর করেন। এতে মোমিন মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।