সাভারে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে আমিন বাজার ইউনিয়নের একটি ফ্ল্যাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধর্ষণ ও গলায় নীল দাগের চিহ্ন পাওয়া গেছে। ভুক্তভোগী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা আগানগর গ্রামের বাসিন্দা। তিনি বাবার সঙ্গে আমিন বাজার ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের মেয়ে বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। রাতে বাসায় ফিরে বিবস্ত্র অবস্থায় বিছানায় ওপর তার মায়ের লাশ পড়ে থাকতে দেখে। পরে প্রতিবেশীরা সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হোসেন জানান, মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে সাভার আমিন বাজার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা, ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় গোপন রেখে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।