তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনা সমর্থক খোকন কর্মকার নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। মৃত খোকন কর্মকার তালতলী শহরের বাসিন্দা দিলীপ কর্মকারের ছেলে। জানা যায়, ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে তালতলী সরকারি কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্য থেকে ১১ জন করে খেলোয়াড় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ আর্জেন্টিনা সমর্থক খোকন কর্মকার বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য খেলোয়াড়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।