ফুটবল খেলায় গোল করে উল্লাস করার সময় গোলপোস্ট ভেঙে চট্টগ্রামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার নগরীর হালিশহরের বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তরুণের নাম মাহিদুল ইসলাম। মাহিদুল পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি চট্টগ্রামে রংমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলার একপর্যায়ে গোল করার পর আনন্দ করতে লোহার গোলপোস্টে ঝুলে পড়েন। এ সময় গোলপোস্টটি ভেঙে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, গুরুতর আহত অবস্থায় মাহিদুলকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
