কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে চোরাই তেল বিক্রি চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। তারা হলো-আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম ওরফে ইশাদ, আব্দুল হালিম, নুরুল মোস্তফা, জালাল আহমদ ও নুরুল আমিন। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে নদীর চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটিসংলগ্ন এলাকায় ‘ওটি ইশরাত’ নামের একটি অয়েল ট্যাংকারে অভিযান চালানো হয়। এ সময় ওই অয়েল ট্যাংকার, ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল এবং ডিজেল স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি পাম্প মোটরসহ পাইপ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌপুলিশ থানার ওসি মিজানুর রহমান।

নৌপুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই তেল বিক্রি চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে সংগ্রহ করা ডিজেল ট্যাংকারে ভর্তি করে বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় সংঘবদ্ধভাবে চোরাই ডিজেল কেনাবেচার সঙ্গে জড়িত। আরিফুল ইসলাম ২০১৭ সালের একটি হত্যা মামলার আসামি। এছাড়া আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় দুটি ডাকাতি ও তিনটি মাদক মামলা রয়েছে।

সদরঘাট নৌথানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে শুক্রবার আদালতে চালান দেওয়া হয়েছে।