নড়াইল সদর উপজেলায় ফুটবল ম্যাচ কেন্দ্র করে বিরোধের জেরে মোস্তফা কাজী নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার উপজেলার মহারাগ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মোস্তফা কাজী সদর উপজেলার মহারাগ গ্রামে বসবাস করতেন। তার আদি বাড়ি পাশের পলইডাঙ্গা গ্রামে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ২৯ জুন সদর উপজেলার ভদ্রবিলা বাজার এলাকায় ভদ্রবিলা ও পাশের পলইডাঙ্গা গ্রামের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দুদফায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি।
পরিবারের অভিযোগ, ফুটবল খেলার বিরোধের জেরে শুক্রবার বিকালে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে ভদ্রবিলা এলাকার কয়েকজন ব্যক্তি মোস্তফা কাজীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মোস্তফাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ড বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।
