বান্দরবানের থানচি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, ৫৫টি গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে তাঁকে থানচি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (৪ জুলাই) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের থাংদয় বমপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় কেএনএফের সক্রিয় সদস্য জওতোয়াং বমকে (৫৫) আটক করা হয়। তিনি থানচি সদর ইউনিয়নের সেরকর বমপাড়ার বাসিন্দা লালসিয়াম বমের ছেলে।
অভিযানকালে জওতোয়াং বমের কাছ থেকে ভারতের তৈরি একটি আগ্নেয়াস্ত্র, ৫৫টি গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ জানায়, গত ২৮ জুন রাঙামাটির বিলাইছড়ি উপজেলা ও বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় কেএনএফ ও ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। ওই অভিযানের ধারাবাহিকতায় থাংদয় বমপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ জওতোয়াং বমকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মশিউর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানচি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








