নরসিংদীর পলাশে স্বামীর বাড়িতে সাইদা বিন দীপা (২৭) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।সাইদা ওই গ্রামের প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী এবং নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের মৃত নাজমুল কবির সিদ্দিকের মেয়ে। তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।নিহতের স্বজনরা জানান, শুক্রবার (৩ জুলাই) রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে তারা আটিয়াগাঁও গ্রামে ছুটে যান। সেখানে গিয়ে পারিপার্শ্বিক অবস্থা দেখে তাদের সন্দেহ হয়। পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়; দীপাকে তার শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের বাবার বাড়িতে শোক ও উত্তেজনা বিরাজ করছে।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।