গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৩ জনে। শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ৭৩২ জন ও হাম শনাক্ত হয়ে ১০১ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন।এ সময় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। একজন ঢাকায় অপরজন সিলেটের। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৩১ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গে এখন পর্যন্ত ৬৩৮ জন ও হাম শনাক্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ জনের এবং হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২১৯ জনে।একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৯৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২১৮ জন।উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হামের রোগী শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শিশুদের আক্রান্ত করে। হাঁচি-কাশির মাধ্যমে এটি খুব দ্রুত ছড়ায়।রোগটির প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং পরে সারা শরীরে লালচে ফুসকুড়ি। সময়মতো টিকা নেওয়া এবং আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
অপরাধ
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

শেয়ার করুন







