চাঁদপুরের মতলব উত্তরে অজ্ঞাতনামা পরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা ও পূর্ব হানিরপাড় গ্রামের মাঝামাঝি বিলে কলাবাগানের ঝোঁপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক নারী প্রথমে লাশটি দেখতে পান। পরে বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। এরপর থানায় অবগত করা হলে ঘটনাস্থলে পুলিশ আসে। খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব উত্তর থানার ওসি কামরুল হাসানসহ কর্মকর্তারা আসেন। পরে তদন্তে যোগ দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে ফরিদপুরের সালথায় একটি সড়ক থেকে হাত-পা বিচ্ছিন্ন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ পান্নু ফকির ওরফে জামু ফকির নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পান্নু ফকির কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কুমারকান্দা এলাকার একটি সড়কের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জামু ফকির জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠকে অংশ নিয়েছিলেন। সালিশ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রাস্তার পাশের একটি পাটখেতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশে দুর্বৃত্তরা লাশটি সড়কের ওপর ফেলে রেখে যায়।