সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে গুজব বিশ্বাস, শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ শুক্রবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশের দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচারকারীদের অন্যায় তদবির আমলে না নেওয়ায় একটি অসন্তুষ্ট মহল মনগড়া তথ্য ছড়াচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত থাকা, সরকারি দপ্তরে অন্যায় তদবির করা এবং অপপ্রচার না চালানোর শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গুজব ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করা সবার কর্তব্য।

এতে আরও বলা হয়, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।