রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) উপজেলার সাজেক ইউনিয়নের ১৪ মাইল চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সুমন্তি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার তাকে সন্তান প্রসবের জন্য সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে দুর্ঘটনায় তিনি ও তার গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা বলেন, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সকালে একটি অটোরিকশায় তাকে সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। চাম্পাতলি এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এতে সুমন্তি চাকমা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, আমি একটা কাজে রাঙামাটি এসেছি। তবে, জেনেছি ডাম্প ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।








