ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “জনগণ জুলাই পরবর্তী সময়ে যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।”
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক দূর করার জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শের বিকল্প নাই।”
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “কালো বর্ণের লোকের নাম সাদা মিয়া রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম দিয়ে অনৈতিকতা, উশৃঙ্খলতা, ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না। বরং ইসলামের নামে বিজাতীয় সংস্কৃতি, অনৈতিকতা, অনৈসলামিক কর্মকাণ্ড করা হয়, তাতে ইসলাম কলঙ্কিত হয়।”
বিশেষ অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, “সরকারদলীয় হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু বলেছেন, এ দেশে চাঁদাবাজি নির্মূল করা যাবে না। এটা দুঃখজনক। সরকারকে মানুষ ক্ষমতায় এনেছে দেশকে দুর্নীতিমু্ক্ত করার জন্য। যদি তাতেই তারা ব্যর্থ হয়, তাহলে সরকারের কাজটা কী?” তিনি আরো বলেন, “এই সরকার বলেছিল এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিল-ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কর্মসংস্থান সংকোচন করছে।”
মহাসচিব আরো বলেন, “বর্তমানে সংসদে কার্যকরি কোনো বিরোধীদল নাই। জামায়াত জোটের সংসদ সদস্যরা সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। তারা সংসদে কুসুম কুসুম বিরোধিতা করে, কিন্তু জনগণের স্বার্থে কথা বলে না।”
প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, “একটা দল ইসলামের নাম দিয়ে যে কর্মকাণ্ড করছে তাতে ইসলামের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাই, সঠিক ইসলামের চর্চা করুন। ইসলামের নামে মনগড়া মতবাদের চর্চা বন্ধ করুন।”
আতিকুর রহমান মুজাহিদ বলেন, “ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা প্রকৃত দেশপ্রোমিক জনশক্তি। জুলাইতে যুব আন্দোলন জীবন দিয়ে ফ্যাসিবাদকে রুখে দাঁড়িয়েছিল। বর্তমানে দেশের পরিবেশ রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করছে। এছাড়াও দেশের বেকার যুবকদেরকে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য জনশক্তি হিসেবে তৈরি করছে। আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের প্রধান সহযোগী হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।”
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এবং দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা উত্তর যে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ।
বিশেষ বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, ইসলামী আন্দোলনের কেন্দ্রেীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমীন, প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দীক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, মাওলানা আল আমীন সোহাগ প্রমুখ।








