ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন এবং কর্মসংস্থান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা করতে হলে ব্যবসায়ীদের বিনিয়োগের অনুকূল পরিবেশ দিতে হবে।শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা যদি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তবে সমাজে অপরাধ ও মাদকাসক্তি বাড়বে। এতে দেশের শান্তি ও সমৃদ্ধি ব্যাহত হবে।’তিনি আরও উল্লেখ করেন, রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, তাই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।যুবসমাজের অবক্ষয় রোধে পরিবেশমন্ত্রী বলেন, কিশোর গ্যাং ও মাদকের সমস্যা বর্তমানে জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করা গেলে এসব সমস্যা অনেকাংশে কমে আসবে।ফেনীর আঞ্চলিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি ফেনীর সন্তান। এখানকার সমস্যাগুলো আমার জানা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল ক্রসিংয়ের সমস্যা সমাধানে আমি সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছি। এছাড়া মুসাপুর রেগুলেটর প্রকল্প একনেকে অনুমোদনের চেষ্টা চলছে এবং ফেনীতে একটি মেডিকেল কলেজ নির্মাণের বিষয়টি সংসদে বারবার উত্থাপন করা হচ্ছে।’ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির বিদায়ী পরিচালক মুশফিকুর রহমান পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি এবং রেহানা আক্তার রানু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক।আলোচনা সভার শুরুতে নবনির্বাচিত ২১ জন পরিচালককে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মনিরা হক। উল্লেখ্য, গত ২৭ জুন এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়।
রাজনীতি
বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় : পরিবেশমন্ত্রী

শেয়ার করুন







