মৌলভীবাজারের রাজনগরে ঋণের চাপ সইতে না পেরে ফারুক মিয়া (৪২) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। গত বুধবার উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে বিষপান করেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে মারা যান তিনি।
নিহত ফারুক মিয়া ওই গ্রামের মো. ইসহাক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক মিয়া একই এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল বারী এলাইয়ের কাছ থেকে প্রায় এক লাখ টাকা ঋণ করেন। দীর্ঘদিন ধরে সুদের টাকা পরিশোধ করছিলেন ফারুক মিয়া। একপর্যায়ে সুদের টাকা বেড়ে যায়। ফারুক মিয়াকে টাকা পরিশোধের জন্য চাপ দেন আব্দুল বারী। চাপ সইতে না পেরে গত বুধবার বিষপান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা ফারুক মিয়াকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরবর্তী সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান তিনি।
নিহত ফারুকের মা আজিজুন নেছা বলেন, ‘গত মঙ্গলবার রাতে সুদের টাকার জন্য আব্দুল বারী ফোনে আমার ছেলেকে গালাগালি ও ভিটেছাড়া করার হুমকি দেয়। পরদিন বুধবার সকালেও একাধিকবার ফোনে একইভাবে চাপ সৃষ্টি করে। ব্যাংকের ফাঁকা চেকের মাধ্যমে মামলা দেওয়ার হুমকি দেয়। এই চাপ সইতে না পেরে আমার ছেলে মারা যায়।’
আজিজুন নেছা আরও বলেন, ‘আমার ছেলের সন্তানসম্ভবা স্ত্রী ও দুটি বাচ্চা অসহায় হয়ে পড়েছে। ছেলে হত্যার বিচার চাই।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আব্দুল বারীর সুদের কারবারে এলাকার শত শত মানুষ আজ নিঃস্ব। বিশেষ করে কামারচাক ইউনিয়নের মরিচা গ্রামের হিন্দু সম্প্রদায়ের অনেক পরিবার তাঁর নির্যাতনের শিকার হয়ে বসতভিটা ও জমিজমা লিখে দিতে বাধ্য হয়েছেন। তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান সাধারণ মানুষ।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’








