ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জনগণ জুলাই পরবর্তী সময়ে যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছেন, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছেন। শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এবং দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ আতিকুর রহমান মুজাহিদ।
পীর সাহেব চরমোনাই বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না। দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক সমস্যা দূর করার জন্য ইসলামী আদর্শের বিকল্প নাই।








