পরিবেশবান্ধব জীবনযাপনের অংশ হিসেবে এখন অনেকেই প্লাস্টিকের পরিবর্তে কাচের বোতল ব্যবহার করছেন। ফ্রিজে পানি রাখা, ডাইনিং টেবিল সাজানো কিংবা প্রতিদিনের পানির বোতল-সব ক্ষেত্রেই কাচের বোতলের জনপ্রিয়তা বেড়েছে। তবে এই বোতল ব্যবহারের একটি বড় সমস্যা হলো পরিষ্কার করা।

বিশেষ করে সরু মুখের ডিজাইনার কাচের বোতলের ভেতরে হাত বা সাধারণ ব্রাশ প্রবেশ করে না। ফলে তলার অংশে জমে থাকা শ্যাওলা, পানির সাদা দাগ বা দুর্গন্ধ সহজে দূর করা কঠিন হয়ে পড়ে।

তবে এই সমস্যার সমাধানে দামি কোনো ক্লিনার কেনার প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপাদান দিয়েই কাচের বোতল সহজে পরিষ্কার করা যায়।

jafi

কাঁচা চাল দিয়ে পরিষ্কার করা

যেসব বোতলের মুখ এতটাই সরু যে ভেতরে ব্রাশ প্রবেশ করে না, সেগুলোর জন্য কাঁচা চাল ব্যবহার করুন।
প্রথমে বোতলের ভেতরে এক মুঠো কাঁচা চাল দিন। এরপর কয়েক ফোঁটা বাসন ধোয়ার লিকুইড সোপ এবং সামান্য কুসুম গরম পানি ঢালুন। এবার বোতলের মুখ শক্ত করে বন্ধ করে এক থেকে দুই মিনিট ভালোভাবে ঝাঁকান।
চালের দানাগুলো ছোট স্ক্রাবারের মতো কাজ করে কাচের গায়ে জমে থাকা ময়লা, শ্যাওলা ও দাগ ঘষে তুলে দেয়। এরপর পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিলেই বোতল আবার ঝকঝকে হয়ে উঠবে।

jago

বেকিং সোডা ও ভিনিগারের দিয়ে

কাচের বোতলে দীর্ঘদিন পানি রাখলে অনেক সময় সাদাটে দাগ, খনিজের আস্তরণ বা হালকা দুর্গন্ধ তৈরি হয়।
এক্ষেত্রে বোতলের ভেতরে ১ টেবিল চামচ বেকিং সোডা এবং ২ টেবিল চামচ সাদা ভিনিগার ঢেলে দিন। দুটি উপাদান মিশতেই বুদবুদ তৈরি হবে, যা জমে থাকা ময়লা আলগা করতে সাহায্য করবে।

এরপর বোতলটি কুসুম গরম পানি দিয়ে ভরে অন্তত ৩০ মিনিট রেখে দিন। পরে ভালোভাবে ঝাঁকিয়ে পানি ফেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এতে দাগ ও দুর্গন্ধ-দুটিই অনেকটাই দূর হয়ে যাবে।

ডিমের খোসা ও মোটা দানার লবণ ব্যবহার করা

শুনতে অবাক লাগলেও ডিমের খোসা কাচের বোতল পরিষ্কারে বেশ কার্যকর। ডিমের খোসা ছোট ছোট টুকরো করে বোতলের ভেতরে দিন। এরপর ১ টেবিল চামচ মোটা দানার লবণ এবং সামান্য পানি যোগ করুন।
বোতলটি ভালোভাবে ঝাঁকালেই ডিমের খোসা ও লবণের ঘর্ষণে কোণায় জমে থাকা শ্যাওলা, ময়লা ও শক্ত দাগ সহজেই উঠে আসবে। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস দিয়ে

যদি বোতলের ভেতরে তেলতেলে ভাব বা হালকা দুর্গন্ধ তৈরি হয়, তাহলে লেবু হতে পারে সহজ সমাধান।
একটি লেবুর রস বোতলের ভেতরে চিপে দিন। চাইলে লেবুর খোসাও ছোট টুকরো করে ভেতরে ফেলে দিতে পারেন। এরপর সামান্য কুসুম গরম পানি ঢেলে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড তেলতেলে ভাব দূর করতে সাহায্য করে এবং বোতলে একটি সতেজ গন্ধ রেখে যায়।

আরও পড়ুন

হাঁড়ি-পাতিল মাজার স্পঞ্জ কত দিন পর পর পরিবর্তন করতে হবে

পরিষ্কার করার পর যেসব ভুল করা যাবে না

অনেকেই বোতল ধুয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা লাগিয়ে রাখেন। এতে ভেতরে আর্দ্রতা থেকে যায় এবং পরে ভ্যাপসা গন্ধ, ছত্রাক বা শ্যাওলা তৈরি হতে পারে।

তাই বোতল ধোয়ার পর সেটি উপুড় করে রেখে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই ছিপি লাগান। এতে বোতল দীর্ঘদিন পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত থাকবে।

আরও পড়ুন

বাথরুমে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে পোশাকের যেসব ক্ষতি হয়

কাচের বোতল পরিষ্কার রাখতে নিয়মিত যত্ন নেওয়াও জরুরি। দীর্ঘদিন ময়লা জমতে দিলে পরে তা পরিষ্কার করা কঠিন হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত একবার এসব সহজ পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করলে বোতল সব সময় থাকবে ঝকঝকে, স্বাস্থ্যকর এবং ব্যবহারের জন্য নিরাপদ।

সূত্র: দ্য চিকেন, উইকিহাউ

এসএকেওয়াই