মুক্তার গয়নার আবেদন কখনোই পুরোনো হয় না। বছরের পর বছর ধরে এটি আভিজাত্য, সৌন্দর্য এবং রুচিশীলতার প্রতীক হিসেবে পরিচিত। তবে অনেকেরই ধারণা, মুক্তার গয়না শুধু শিফন বা সিল্কের শাড়ি আর বিশেষ অনুষ্ঠানের সাজের সঙ্গেই মানায়।

ফলে আলমারিতে যত্ন করে তুলে রাখা মুক্তার দুল বা নেকলেস বছরের বেশির ভাগ সময়ই ব্যবহার করা হয় না।

কিন্তু ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, সেই ধারণা এখন বদলে গেছে। আধুনিক স্টাইলিংয়ের কারণে মুক্তোর গয়না এখন শুধু ঐতিহ্যবাহী পোশাকেই নয়, জিনস, শার্ট, কুর্তি কিংবা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গেও দারুণ মানিয়ে যায়। শুধু জানতে হবে কীভাবে সঠিকভাবে স্টাইল করবেন।

jago

সাদা শার্টের সঙ্গে মিনিমাল পার্ল

সাদা শার্ট এমন একটি পোশাক, যা প্রায় সব ধরনের অনুষ্ঠানে পরা যায়। ফ্লেয়ার্ড, স্ট্রেইট বা বয়ফ্রেন্ড জিনসের সঙ্গে একটি সাদা শার্ট পরুন। এর সঙ্গে গলায় পাতলা সোনালি বা অ্যান্টি-টার্নিশ চেনে একটি ছোট মুক্তার পেনডেন্ট যোগ করুন।

এতে পুরো লুকটি হবে পরিমিত, পরিশীলিত এবং আধুনিক। অতিরিক্ত গয়না না পরে শুধু একটি মুক্তোর পেনডেন্টই আপনার স্টাইলকে আলাদা করে তুলতে পারে।

jago

অফিস লুকে যোগ করুন আভিজাত্য

অফিস মিটিং বা করপোরেট পার্টিতে সাদা শার্ট, কালো সিগারেট প্যান্ট ও ব্লেজারের সঙ্গে মুক্তার গয়না অনায়াসে মানিয়ে যায়। এক্ষেত্রে বড় নেকলেসের বদলে ছোট মুক্তার স্টাড ইয়াররিং বা একটি সরু চেইনের মুক্তার পেনডেন্ট বেছে নিন। এতে পেশাদারিত্ব বজায় থাকবে, আবার লুকেও যোগ হবে মার্জিত সৌন্দর্য।

কুর্তির সঙ্গে নতুন স্টাইল

অনেকেই কুর্তির সঙ্গে অক্সিডাইজড গয়না পরতে অভ্যস্ত। তবে মাঝে মাঝে সেই পরিচিত স্টাইল বদলে মুক্তা বসানো হুপ ইয়াররিং বা ছোট মুক্তার দুল পরেও দেখতে পারেন। এতে আপনার সাজ হবে আরও পরিশীলিত এবং এলিগ্যান্ট। বিশেষ করে কটন, লিনেন বা চিকনকারি কুর্তির সঙ্গে এই ধরনের গয়না খুব সুন্দর মানিয়ে যায়।

jago

ব্রেসলেটেও যোগ হতে পারে মুক্তার ছোঁয়া

শুধু দুল বা নেকলেস নয়, মুক্তার ব্রেসলেটও এখন বেশ জনপ্রিয়। গোল্ডের পাতলা ব্রেসলেটের সঙ্গে মুক্তার ব্রেসলেট লেয়ারিং করে পরতে পারেন।

আবার আপনার প্রিয় অ্যানালগ ঘড়ির সঙ্গে একটি মিনিমাল পার্ল ব্রেসলেট যোগ করলেও পুরো লুকটি আরও স্টাইলিশ হয়ে উঠবে।

মুক্তার গয়না কেনার আগে যা মাথায় রাখবেন

মুক্তার গয়না কেনার সময় শুধু ডিজাইন নয়, এর মানের দিকেও নজর দেওয়া জরুরি। ভালো মানের প্রাকৃতিক মুক্তোর দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই ফ্রেশওয়াটার পার্ল বেছে নেন। এগুলো দেখতে আকর্ষণীয়, টেকসই এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী।

এছাড়া কৃত্রিমভাবে রং করা মুক্তোর পরিবর্তে প্রাকৃতিক সাদা, অফ-হোয়াইট বা হালকা ক্রিম রঙের মুক্তো বেশি অভিজাত ও বহুমুখী স্টাইলিংয়ের জন্য উপযোগী।

যারা একটু ভিন্নধর্মী ডিজাইন পছন্দ করেন, তারা গোলাকার মুক্তার বদলে বারোক পার্ল বেছে নিতে পারেন। অনিয়মিত আকৃতির এই মুক্তাগুলো বর্তমানে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় বেশ জনপ্রিয়।

আরও পড়ুন

জেনিফার লোপেজের তারুণ্য ধরে রাখার ৫ জাদুমন্ত্র

স্টাইলিংয়ের সময় যা মনে রাখবেন

মুক্তার গয়নার নিজস্ব একটি কোমল সৌন্দর্য রয়েছে। তাই এটি পরার সময় অতিরিক্ত ভারী বা ঝলমলে গয়না এড়িয়ে চলাই ভালো। পোশাক, মেকআপ ও অন্যান্য অ্যাকসেসরিজ যত পরিমিত হবে, মুক্তোর সৌন্দর্য তত বেশি ফুটে উঠবে।

আরও পড়ুন

নাকফুল নয়, এখন ফ্যাশন ট্রেন্ড সেপ্টাম রিং

মুক্তা আর শুধু বিশেষ দিনের গয়না নয়। সঠিক স্টাইলিং জানলে এটি সহজেই আপনার দৈনন্দিন ফ্যাশনের অংশ হয়ে উঠতে পারে। অফিস, বন্ধুদের আড্ডা কিংবা ছোটখাটো অনুষ্ঠানে-একটি ছোট মুক্তার দুল, পেনডেন্ট বা ব্রেসলেটই আপনার সাধারণ সাজে এনে দিতে পারে অনন্য আভিজাত্যের ছোঁয়া।

সূত্র: ভোগ, পার্ল ফ্যালকো

এসএকেওয়াই