সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা কানাই লাল সরদার।
বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা সদর ইউনিয়নের শাহপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে দুর্ঘটনার শিকার হন তারা।
তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে। চাকরির সুবাদে কুশলের বাবা-মা বর্তমানে চুকনগরে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহত কানাই লাল সরদারকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।








