ব্যবসায়িক কাজ শেষে খালাবাড়ি থেকে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন এক যুবক। পথে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মহব্বত হোসেন (২৮)। তিনি সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মন্ডলের একমাত্র ছেলে। খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের সামনে মহব্বতের ফার্নিচারের ব্যবসা ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় খালাবাড়ি থেকে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মহব্বত। পথে রাত সাড়ে ৯টার দিকে বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় আকস্মিকভাবে একটি শিয়াল মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির মোটরসাইকেলটি সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মহব্বত। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম।

বুধবার (১ জুলাই) সকালে তিনি বলেন, ‌‌‘দুর্ঘটনায় মোটরসাইকেল চালক যুবকের ফুসফুস ফেটে যায়। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।’

বাঘারপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় মহব্বত হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন।

মিলন রহমান/এসআর/এএসএম