মানবপাচার ও আদম ব্যবসা-সংক্রান্ত একটি পুরোনো মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মালয়েশিয়া শাখার আহ্বায়ক এবং আল জম জম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এস এম রহমান তনুকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা একটি পুরোনো মানবপাচার ও আদম ব্যবসা-সংক্রান্ত মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

ড. এস এম রহমান তনু দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মালয়েশিয়া শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি আল জমজম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

তার গ্রেফতারের খবরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে এ বিষয়ে ড. রহমান তনুর পরিবারের সদস্য, আইনজীবী কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারিত হবে।

এমআরএম