শেরপুরের নকলায় বাসচাপায় আব্দুল কাদির (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল কাদির স্থানীয় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও উপজেলার উত্তর গণপদ্দী গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে রংধনু পরিবহনের ঢাকাগামী একটি বাসের চালক ও কয়েকজন অটোরিকশাচালকের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। একপর্যায়ে বাসচালক নেমে গেলে তার সহকারী বাস চালানো শুরু করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাদিরকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”








