টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের প্রায় সব নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বুধবার (৮ জুলাই) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে মাঠে ফসল না থাকায় ক্ষতি হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, জেলায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে নালিতাবাড়ী উপজেলায়, ৪২ মিলিমিটার; আর সর্বোচ্চ সদর উপজেলায়, ৮৮ মিলিমিটার।
জেলা পানি উন্নয়ন বোর্ডের বুধবার (৮ জুলাই) সকাল ৯টায় তথ্যমতে, মঙ্গলবারের (৭ জুলাই) চেয়ে আজ বুধবার (৮ জুলাই) ভোগাই নদীর নাকুগাও পয়েন্টে ২৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের জামালপুর পয়েন্টে ৮ সেন্টিমিটার, ভোগাই নদীর নালিতাবাড়ী পয়েন্টে ৫২ সেন্টিমিটার, চেল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে ৩৭ সেন্টিমিটার, মহারশি নদীর ঝিনাইগাতী পয়েন্টে ১৬ সেন্টিমিটার ও সোমেশ্বরী নদীর শ্রীবরদী পয়েন্টে ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে বিভিন্ন জায়গায় থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ায় প্রায় সব নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে সব নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। পানি বৃদ্ধির ফলে নদীর বাধেঁর ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।








