শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে জয়নাল আবেদিন (৬৬) নামের এক বৃদ্ধের থেঁতলানো মরদেহ উদ্ধার করেছেন স্বজনেরা। আজ শনিবার সকাল ১০টার দিকে বাগিচাটিলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণে মারা যান তিনি।
জয়নাল আবেদিন পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জের ডুমুরতলা বিট এলাকার সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে যান জয়নাল আবেদিন। সীমান্তসংলগ্ন ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলারের কাছে ওয়াইল্ডলাইফ করিডর এলাকার একটি বাগানে লাকড়ি সংগ্রহ করছিলেন তিনি। তবে সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
আজ সকালে স্বজনেরা স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের সহায়তায় পাহাড়ি এলাকায় জয়নালকে খোঁজাখুঁজি করেন। পরে সকাল ১০টার দিকে বাগিচাটিলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো অবস্থায় ছিল। বন বিভাগের কর্মীদের ধারণা, বন্য হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজনের ভাষ্য, গারো পাহাড়ের বনাঞ্চলে প্রায়ই বন্য হাতির বিচরণ দেখা যায়। জীবিকার তাগিদে বনাঞ্চলে প্রবেশ করা মানুষ অনেক সময় হাতির মুখোমুখি হয়ে ঝুঁকির মধ্যে পড়ছেন। ফলে মানুষ ও হাতির সংঘাত কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
ওই এলাকায় বন্য হাতির বিচরণ আছে জানিয়ে ময়মনসিংহ বন বিভাগের শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া প্রথম আলোকে বলেন, এলিফ্যান্ট রেসপন্স টিম ও বন বিভাগের সদস্যদের সহায়তায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে সরকারি বিধি অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।








