পর্তুগাল ০ : ০ কলম্বিয়া
ডিআর কঙ্গো ৩ : ১ উজবেকিস্তান
লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা সহসা হচ্ছে না। আর্জেন্টিনার মতো পর্তুগালও গ্রুপসেরা হলে দুজনের দেখা হতে পারত কোয়ার্টার ফাইনালে। তবে রোনালদোর দল আজ কলম্বিয়ার সঙ্গে ড্র করায় গ্রুপসেরা হতে পারেনি। ‘কে’ গ্রুপে দ্বিতীয় হওয়ায় পর্তুগালকে এখন রাউন্ড অব থার্টি টুতে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সামনে এগোলে শেষ ষোলোয় মুখোমুখি হবে স্পেনের। রোনালদো–মেসির দেখা হওয়া সম্ভব শুধু ফাইনালে।
এ দিকে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো প্রথমবারের মতো জয় তুলে নকআউটে পৌঁছে গেছে। আফ্রিকান দলটি নবাগত উজবেকিস্তানকে হারিয়েছে ৩–১ গোলে।
কলম্বিয়ার হতাশার ড্র
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কলম্বিয়া যেভাবে খেলেছে, তাতে জয় না পাওয়াটা হতাশারই। পর্তুগালের মাঝমাঠকে বারবারই নিচে নেমে রক্ষণে মনোযোগ দিতে হয়েছে। ‘নাম্বার নাইন’ পজিশনে খেলা রোনালদোর কাছে বলের যোগান গেছে কমই। পুরো নব্বই মিনিট খেলে রোনালদো একটাই শট নিতে পেরেছেন, কলম্বিয়ার বক্সে বল স্পর্শ করতে পেরেছেন মোটে দুবার।
বিপরীতে কলম্বিয়ার হামেশ রদ্রিগেজ ৭৬ মিনিট থেকে মাঠে থেকে সুযোগ তৈরি করেছেন পাঁচটি, শটও নিয়েছেন একটি। শুধু রদ্রিগেজই নন, কলম্বিয়ার হয়ে আক্রমণে ঝড় তুলেছেন লুইস দিয়াজ, জন আরিয়াস, জন কর্দোবারাও। সব মিলিয়ে পর্তুগালের ১৩ শটের বিপরীতে কলম্বিয়ার শট ছিল ২৪টি। কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দেয় যে গোল, সেটিই দল পায়নি। এমনকি যোগ করা সময়ে দাভিনসন সানচেজ বল জালে জড়ালেও ইঞ্চিখানেক ব্যবধানের কারণে অফসাইডে সেটি বাতিল হয়।
গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় উরুগুয়ে দলের চার্টার্ড ফ্লাইট বাতিলতবে জয় না পাওয়ায় হতাশা থাকলেও গ্রুপসেরা হয়েই নকআউটে যাচ্ছে কলম্বিয়া। ৩ ম্যাচে ৭ পয়েন্ট দলটির। রাউন্ড অব থার্টি টুতে কলম্বিয়া খেলবে ঘানার বিপক্ষে। আর ১ জয় ২ ড্রয়ে ৫ পয়েন্ট পাওয়া পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লুকা মদরিচের ক্রোয়েশিয়াকে।
ডিআর কঙ্গোর ইতিহাস
১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলে তিন ম্যাচেই হেরেছিল ডিআর কঙ্গো। এবার প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১–১ ড্র করলেও পরের ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে গিয়েছিল ১–০ গোলে।
অবশেষে আজ আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে আফ্রিকান দলটি। উজবেকিস্তানের বিপক্ষে ৩–১ ব্যবধানের এই জয়টি তাদের তুলে দিয়েছে রাউন্ড অব থার্টি টুতে।
ম্যাচের দশম মিনিটে এল্দর শোমুরোদভের গোলে এগিয়ে গিয়েছিল উজবেকিস্তান। বিরতির পর ৬৮তম মিনিটে ইওয়ান উইসার পেনাল্টি গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো। এরপর ৭৮ মিনিটে ফিস্তন মায়েলে আর যোগ করা সময়ে উইসার দ্বিতীয় গোলে বড় জয়ই পায় দলটি। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া উজবেকিস্তান তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছে।








