স্বামীর করা মামলায় স্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, সাজেদা আক্তার নামে ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জের কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকার বাসিন্দা। মামলার বাদী তার স্বামী শাকিল আলম। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে যৌতুক দাবি ও সংশ্লিষ্ট অভিযোগ এনে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় নালিশি মামলা করেন। মামলাটি নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। মামলার কার্যক্রম চলাকালে আদালতে অভিযুক্তের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে কদমতলী এলাকার নিজ বাড়ি থেকে সাজেদা আক্তারকে গ্রেফতার করা হয়।








