রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক রোগীর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় দুই নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁদের শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে।

আটক দুই নারী হলেন—হবিগঞ্জ জেলার গণেশপুর এলাকার শান্তা আক্তার ও সাথী আক্তার।

আজ রোববার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) সাদেক হোসেন বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন।

সাদেক হোসেন বাচ্চু জানান, শনিবার সকালে হাসপাতালের ষষ্ঠ তলার ৬৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন ওই দুই নারী। এ সময় রোগী চিৎকার দিলে আশপাশের লোকজন তাঁদের আটক করেন।

পরে আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে তল্লাশি করে ওই স্বর্ণের চেইন উদ্ধার করেন এবং সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন।

পরে আটক দুই নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।