সোনাগাজীতে ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় মামলার প্রধান আসামি শান্তকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী তিন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে মামলা করেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারের হাজী আলী আকবর মার্কেটের তাফরিহা টেইলার্সের মালিক দেলোয়ার হোসেনের কাছে কয়েক দিন আগে কিশোর গ্যাং সদস্য শান্ত একটি পুরাতন প্যান্ট সেলাই করতে দেয়। বকেয়া টাকা পাওনা থাকায় তার পুরাতন প্যান্ট সেলাই করেননি বলে জানালে সে ক্ষিপ্ত হয়। শান্তর নেতৃত্বে আকরাম, জিসান, ইমাম ও ফাহিমসহ কিশোর গ্যাং সদস্যরা ২১ জুন ওই দোকানে ঢুকে কর্মচারী রাহদুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে। দোকান মালিক দেলোয়ার হোসেন তাকে বাঁচাতে এগিয়ে এলে তারা তাকেও পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এমন ভিডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।