আড়াইহাজারে ডাকাত সন্দেহে গ্রেফতারকৃত সোনারগাঁয়ের দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকালে নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও জামে মসজিদের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চরনোয়াগাঁও এলাকার নিরীহ দুই যুবকের পরিবারের সদস্যসহ কয়েকশ নারী পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- মতিউর মাস্টার, জহিরুল ইসলাম, সজিবের মা জরিনা আক্তার, খালা বিলকিস আক্তার, মফিজুল ইসলাম, আহসান উল্লাহ, আলম মিয়া, ফরহাদ, আমির হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ডাকাত সন্দেহে গ্রেফতার রাকিব ও সজিব এলাকার নিরীহ ছেলে। আড়াইহাজারে ডাকাতির আগে থেকে তারা তাবলীগ জামাতে ছিল। ঘটনার চারদিন পর তারা তাবলীগ জামাত থেকে বাড়িতে এসেছে। তাদের মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। আমরা তাদের দু’জনের অবিলম্বে মুক্তি দাবি করছি।