বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে গিয়ে কোচ লিওনেল স্কালোনি স্বীকার করেছেন, তার দলের এখনও অনেক উন্নতির প্রয়োজন। পাশাপাশি সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর লাল কার্ডকে তিনি ভাগ্যের সহায়তা বলেও উল্লেখ করেছেন।
স্কালোনি বলেন, ‘আমরা অনেক কষ্ট করেছি। আগে থেকেই জানতাম তারা খুবই শারীরিক শক্তিনির্ভর একটি দল এবং আমাদের জন্য অনেক সমস্যা তৈরি করবে। সত্যি বলতে, আজ আমরা ভাগ্যবান ছিলাম যে তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছে। আমাদের আরও উন্নতি করতে হবে। তবে জয় নিয়ে উন্নতি করাই সবসময় ভালো। এই দল যা করেছে, তা ঐতিহাসিক।’
৩-১ ব্যবধানে জয় পেলেও ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় আর্জেন্টিনাকে। আগের দুটি নকআউট ম্যাচেও একই চিত্র দেখা গেছে। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে ফেবারিট হিসেবে মাঠে নামলেও শেষ পর্যন্ত নাটকীয় লড়াই করেই জয় নিশ্চিত করতে হয়েছিল আলবিসেলেস্তেদের।
এই জয়ের ফলে আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্য সেমিফাইনালে মঙ্গলবার ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।
আরআর/আইএন








