‎মাদকবিরোধী সচেতনতামূলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এস এম আফতাব আহমেদ (২৪) নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন। গতকাল ‎সোমবার সন্ধ্যা ৬টার দিকে পাবনার সুজানগর পৌরসভার মানিকদীর তিনমাথার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে আনিসুর রহমান সংগ্রাম নামে এক ব্যক্তি সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মানিকদীর গ্রামের কালাম শেখের ছেলে সুজাউদ্দিন সুজাকে প্রধান আসামি করা হয়। এতে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, মানিকদীর এলাকাকে মাদকমুক্ত করা এবং সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল বিকেলে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এ সময় পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সভায় হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে মাদক সেবনের অভিযোগে সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুকে আটক করে ডোপ টেস্টে পাঠায় পুলিশ। ‎ডোপ টেস্টে তাঁর শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন।

এর পর থেকেই বাবুর অনুসারীদের সঙ্গে এলাকার মাদকবিরোধী একটি পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সোমবার সন্ধ্যায় মানিকদীর মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

‎মাদকবিরোধী পক্ষের দাবি, বাবুর অনুসারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

অন্যদিকে, বাবুর অনুসারীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মাদকবিরোধী পক্ষই সশস্ত্র অবস্থায় তাঁদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

‎আহত ছাত্রদল কর্মী আফতাব আহমেদ বলেন, ‘শফিউল আলম বাবুকে আটকের পর থেকে স্থানীয় মাদক কারবারিরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। গতকাল সন্ধ্যায় সভায় বক্তব্য দেওয়ার সময় অতর্কিত হামলার শিকার হই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’