মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে ‘সুখের ঠিকানা মালিক কল্যাণ সমিতি’। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘মাদকমুক্ত সমাজ চাই, মাদকের কোনো ঠাঁই নাই’ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।সমিতির সভাপতি মানিছ উদ্দিন বেপারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি সেলিম রেজা ও সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে এখনই সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।কর্মসূচি শেষে একটি প্রতিবাদ মিছিল সুখের ঠিকানা হাউজিং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।