কিশোরগঞ্জে নদীর পানিতে ডুবে ফয়সাল (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে সদর উপজেলার নীলগঞ্জ বাজার ঘাট সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফয়সাল সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফয়সাল কয়েকজন মুসুল্লির সঙ্গে নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলিগ জামাতে এসেছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বিকাল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।








