থানচিতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটক অস্ত্রধারীর নাম জৌথান বম। সে থানচি সদর ইউনিয়নের পদ্ধ মৌজার শেরপাপাড়া এলাকার বাসিন্দা লাল ফিয়ান বমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানচি থানার ওসি কানন সরকার।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর একটি দল কুকি-চিন ন্যাশনাল ফ্রস্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) সশস্ত্র দুটি সংগঠনের যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময়ে উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। তারই সূত্র ধরে পালিয়ে যাওয়া সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে আশপাশের সম্ভাব্য এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী।
অভিযানে শুক্রবার একপর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে শেরকরপাড়া থেকে আটক করে সেনাবাহিনী। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।








