রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ড্রোন প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়াচ্ছে ইউক্রেন। এবার ডেনমার্ক, এস্তোনিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে তিনটি নতুন ড্রোন সহযোগিতা চুক্তি করেছে দেশটি।
মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, নতুন তিনটি চুক্তির মাধ্যমে ইউক্রেনের মোট ড্রোন সহযোগিতা চুক্তির সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সময় ড্রোন প্রযুক্তিতে ইউক্রেনের সক্ষমতা ছিল সীমিত। তবে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে দেশটি অত্যাধুনিক ড্রোন শিল্প গড়ে তুলেছে এবং যুদ্ধক্ষেত্রে সেই প্রযুক্তির কার্যকারিতাও প্রমাণ করেছে।
ডেনমার্কের সঙ্গে হওয়া চুক্তি সম্পর্কে জেলেনস্কি বলেন, এটি যৌথ প্রতিরক্ষা উৎপাদন, প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং অস্ত্র রপ্তানিতে স্বচ্ছতা বাড়ানোর নতুন সুযোগ সৃষ্টি করবে।
তিনি আরও জানান, ইউক্রেনে যৌথ অস্ত্র উৎপাদনের প্রস্তাব প্রথম দিয়েছিল ডেনমার্ক। তাই যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ইউক্রেনীয় অস্ত্র রপ্তানিতে দেশটির অগ্রাধিকার পাওয়া ন্যায্য বলেও মন্তব্য করেন তিনি।
ন্যাটো সম্মেলনের প্রথম দিনের বৈঠক শেষে জেলেনস্কি বলেন, ইউক্রেনের যথার্থ স্থান ন্যাটোর সঙ্গেই। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, এবারের সম্মেলনে কিয়েভের প্রধান লক্ষ্য আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং কূটনৈতিক অবস্থান আরও জোরালো করা।
আরও পড়ুন: বিয়ের আগে মেয়েদের জন্য সেলিনা জেটলির বিশেষ পরামর্শ
সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক প্রাণহানি হয়েছে। সর্বশেষ সোমবারের হামলায় অন্তত ১৯ জন নিহত হন। এর পর থেকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছেন জেলেনস্কি।
সূত্র: রয়টার্স
The post তিন দেশের সঙ্গে ড্রোন চুক্তি করল ইউক্রেন appeared first on ZoomBangla.







